ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে জাবিতে কর্মসূচি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে কয়েক শ’ শিক্ষক-শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদ আয়োজিত এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (সুমন সাজ্জাদ), প্রভাষক মামুন অর রশিদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর থিয়েটার, ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, পিডিএফ, দীক্ষাসহ বিভিন্ন সংগঠন।
অধ্যাপক আতিকুর রহমান বলেন, ইসরায়েলের এই গণহত্যায় ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নীরবতা প্রমাণ করে তারা মোটেও মানবতার পক্ষে নয়। তাই আজ সময় এসেছে বিশ্ব মানবতাকে জাগিয়ে তোলার।
ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায় তখন ফিলিস্তিনি জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখন আমাদেরও তাদের পাশে দাঁড়াবার সময় এসেছে। আমাদের এখন তাদের জন্য বিশ্ব জনমত গড়ে তুলতে হবে।
বক্তারা গণহত্যা বন্ধের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান এবং এ ব্যাপারে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠনগুলোর নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান।
ইসরাইলের কর্মকাণ্ডকে ইতিহাসের সবচেয়ে নোংরা ও হিংসাত্মক বলেও আখ্যা দেন তারা।
