থানায় আসামি মৃত্যুর ঘটনায় এসআই প্রত্যাহার
রাজধানীতে থানা হাজতে আসামি মৃত্যুর ঘটনায় মিরপুর থানার পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করার পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিরপুর থানার এসআই জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জসিম উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহিদুলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ।
শনিবার রাত ১টায় রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে মাহবুবুর রহমান সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের একদিন পর রোববার ভোরে মিরপুর থানা হাজতে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা ইমতিয়াজ জানান, ভোরের দিকে সুজনের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে না নেমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাদের তালিকায় মিরপুর অঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী হিসাবে নিহত সুজনের নাম ৫১ নম্বরে রয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও রয়েছে।
