মিরপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু
রাজধানীতে গ্রেপ্তারের পরদিন মিরপুর থানায় এক আসামির মৃত্যু হয়েছে, যার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাহবুবুর রহমান সুজন (৩৫) রোববার ভোরের দিকে মারা যান বলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন।
শনিবার রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে সুজনকে মিরপুর থানায় আনা হয় বলে জানান তিনি।
উপকমিশনার ইমতিয়াজ বলেন, “গ্রেপ্তারের সময় সুজনের কাছে দুটি ম্যাগজিন ও দশটি গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র কোথায় আছে জানতে চাইলে সুজন একজনের নাম বলে।
“পরে ভোরের দিকে হাজতেই সুজনের শ্বাসকষ্ট হয়। তাই তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে না নেমে পুলিশ তাকে শের-ই-বাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, সুজন মিরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বেশ কিছুদিন ধরে হাজারীবাগ এলাকায় লুকিয়ে ছিলেন তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
