সম্মানসূচক ডিগ্রি নিতে যুক্তরাজ্য যাচ্ছেন স্পিকার
নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসাবে এসেক্স ইউনিভার্সিটির সম্মানসূচক ডিগ্রি নিতে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আগামী ১৬ জুলাই এই বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এই ডিগ্রি দেয়া হবে।
এ লক্ষ্যে শিরীন শারমিন সোমবার যুক্তরাজ্যের পথে রওনা হবেন বলে স্পিকারের একান্ত সচিব মো. কামাল বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সফরে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা এবং হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউয়ের সঙ্গে শিরীন শারমিন বৈঠক করবেন।
কামাল বলেন, “আগামী ১৭ জুলাই হাউজ অব লর্ডসের স্পিকার এবং হাউজ অব কমন্সের স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়েছে।”
এই সফরের সময় বৃটিশ পার্লামেন্টের এমপি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও আলাদা অনুষ্ঠানে স্পিকার অংশ নিতে পারেন বলে জানান তিনি।
আটদিনের সফর শেষে আগাম ২২ জুলাই শিরীন শারমিনের দেশে ফেরার কথা রয়েছে।
এসেক্স ইউনিভার্সিটি থেকেই ২০০০ সালে ‘রাইট টু লাইফ’ অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি পান শিরীন শারমিন।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে নবম সংসদে প্রথমে আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
জিল্লুর রহমানের মৃত্যুর পর নবম সংসদের স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সরকারের মেয়াদের আট মাস বাকি থাকতে স্পিকার হন শিরীন শারমিন। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির কাছে তিনি স্পিকার হিসাবে শপথ নেন।
দশম সংসদেও রংপুরের পীরগঞ্জে শেখ হাসিনার ছেড়ে দেয়া আসন থেকে সংসদ সদস্য হয়ে পুনরায় স্পিকার নির্বাচিত হন তিনি।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান নিয়ে এসএসসি পাস করেন শিরীন। দুই বছর পর একই বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি পাস করেন।
১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ১৯৯০ সালে অবস্থান অটুট রেখেই এলএলএম ডিগ্রি নেন শিরীন শারমিন। এরপর উচ্চ শিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান তিনি।
শিরীন বার কাউন্সিলের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ১৯৯২ সালে। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন।
