চট্টগ্রামে সেমাই ও ময়দা কারখানাকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরীতে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে রোববার চাক্তাই রাজাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির প্রমাণ পাওয়ায় ‘তিন আম মার্কা উত্তম সেমাই’ ও ‘রফিক ট্রেডার্সকে’ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আর অনুমোদন ছাড়া ময়দা তৈরির কারখানা পরিচালনা করায় ‘এম হোসেন ফুড প্রোডাক্টকে’ জরিমানা করা হয়েছে সাত হাজার টাকা।
রোজার শুরু থেকেই বন্দরনগরীর চাক্তাইসহ বিভিন্ন এলাকায় সেমাই, মুড়িসহ বিভিন্ন খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
