লালমনিরহাটে স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা
লালমনিরহাটের আতিদমারী উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এক স্কুলছাত্রীকে ‘অপহরণের চেষ্টা’ করেছে তার চাচাতো ভাইরা।
আদিতমারী থানার ওসি মো. আসলাম ইকবাল জানান, শনিবার সন্ধ্যায় ভাদাই ইউনিয়নের কিসাতম চন্দ্রপুর রথের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চন্দ্রপুর রথের পাড় এলাকার আক্তার হোসেন ও তার ভাই এন্তাজ আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আক্তারের ছেলে মোরশেদ, মাসুদ ও কামালসহ ৪/৫ জন মিলে এন্তাজ আলীর বাড়ির উঠান থেকে তার স্কুল পড়ুয়া মেয়েকে (১৩) জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় মেয়েটির চিৎকারে তার মা শরিফা বেগম এবং চাচী বিজলী বেগম এগিয়ে এলে তাদের লাঠি দিয়ে পিটিয়ে মেয়েটিকে নিয়ে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। পরে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা পরে শরিফা ও বিজলী বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজার রহমান জানান, বিজলী বেগমের মাথায় আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ঘটনার রাতেই মেয়ের বাবা এন্তাজ আলী ভাতিজাদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
