সিলেটে নিরীক্ষক খুন
সিলেটের জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জেলা হিসাবরক্ষণ অফিসের এক নিরীক্ষক খুন হয়েছেন। হামলায় আহত হন তিন জন।
শনিবার দুপুরে উপজেলার কসকনকপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফারুক আহমদ (৫০) জকিগঞ্জের চিনিরচক গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে। তিনি সিলেট জেলা হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন।
জকিগঞ্জ থানার ওসি জমসেদ আলম জানান, কসকনকপুর এলাকায় একটি বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় বদরুল হক, জগলুল হক, সাইদুর রহমানদের সঙ্গে ফারুক আহমদের বিরোধ ছিল।
শনিবার সেটেলম্যান্ট কর্মকর্তাদের নিয়ে ওই জমি মাপার কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন ফারুক আহমদের পক্ষের লোকজনের উপর হামলা চালায়।
এ সময় ছুরিকাঘাতে ফারুক আহমদ ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
