২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা বাগান চালুর দাবিতে শ্রমিক সমাবেশ

১৪ দিন ধরে বন্ধ থাকা কালাগুল চা বাগান চালুসহ বিভিন্ন দাবিতে সিলেটে সমাবেশ করেছে চা শ্রমিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 04:48 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের অয়োজন করে উত্তর সিলেট ভ্যালী চা শ্রমিকলীগ ও সিলেট জেলা শ্রমিক লীগ।

সমাবেশে বক্তরা দাবি করেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) আওতাভুক্ত ‘চা শ্রমিক সংঘ’-র নেতাকর্মীরা দেশের চা শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

আসছে অগাস্ট মাসে ‘চা শ্রমিক ইউনিয়ন’ নির্বাচনে অংশ না নিতে এবং ভোটার তালিকায় নাম না লেখানোর জন্য এই সংঘ কালাগুল চা বাগানের শ্রমিকদের চাপ দিচ্ছে। এমন কি এ নিয়ে তারা চা শ্রমিকদের ওপর হামলাও চালায়।

কালাগুল বাগানে চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধ না করায় গত ১৪ দিন ধরে বাগানে ধর্মঘট করছে এই সংঘ। তারা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ করতে বাধাও দিচ্ছে।

বক্তরা বলেন, এ অবস্থায় শ্রমিকরা না খেয়ে দিন কাটাচ্ছেন।

সমাবেশ থেকে শ্রমিকরা দ্রুত চা বাগান চালু এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান হয়।

সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, চা শ্রমিক নেতা শ্রীবাস মোহালী, রাজু গোয়ালা,  গৌরাঙ্গ পাত্র অন্যরা।

এসব দাবি নিয়ে উত্তর সিলেট ভ্যালী চা শ্রমিকলীগ ও সিলেট জেলা শ্রমিক লীগ কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে।