ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ, আহত ১২
চলমান বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকের মধ্যে বাগবিতণ্ডার জেরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উত্তরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ইদ্রিস শেখ (৪৫), তোতা সিকদার (৫০), বাচ্চু সিকদার (২৮), মোনতাজ উদ্দিন (৭০), সুফিয়া বেগম (৬৫), হাসিনা বেগম (৫০) ও ফরহাজুল সিকদারকে (৪৮) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহত আরো ৫/৬ জন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, তাবারি নামাজ শেষে উত্তর পাড়া গ্রামের আর্জেন্টিনার সমর্থক মিজান সিকদার ব্রাজিল সমর্থক ইদ্রিস শেখকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ অন্তত ১২ জন আহত হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
