বেবী মওদুদের পাশে প্রধানমন্ত্রী
সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে হাসপাতালে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বেবী মওদুদকে দেখতে যান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে বেবী মওদুদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনের এই বান্ধবীর পাশে সময়ও কাটান তিনি।
পরে তার সুচিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
ইউনাইটেড হাসপাতালের অনকোলজি সেন্টারের পরিচালক ডা. শান্তনু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু দিন আগে উনার শ্বাসনালীতে খাবার ঢুকে যাওয়ায় একটু জটিলতা হয়েছিল। আমরা এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছি।”
ক্যান্সারের জন্য কেমোথেরাপি নিচ্ছেন বেবী মওদুদ। তার ছয়টি চক্রের মধ্যে একটি বাকি আছে।
“সেটি শেষ হওয়ার পর এ বিষয়ে আমরা অ্যাসেসমেন্ট করব। ক্যান্সারের চিকিৎসা একটু লম্বা প্রক্রিয়া। আমরা এ ব্যাপারে সর্বোচ্চ পরিচর্যা নিচ্ছি।”
