অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
যশোরের বেনাপোলে যুবলীগ কর্মী লালন হত্যা মামলার এক আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকরম আলি বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের কুদ্দুস শরিফের ছেলে ।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে আকরম আলিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গত ২৬ এপ্রিল বেনাপোলের বারোপোতা গ্রামে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই কর্মী লালন ও ইমানুর নিহত হয়। লালন হত্যা মামলার আসামি আকরম এতোদিন কলারোয়ায় আত্মগোপনে ছিল।
