ধামইরহাটে মহিলাকে কুপিয়ে হত্যা
নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এক নারীকে কুপিয়ে হত্যা করেছে।
পৌর এলাকার উত্তর চকযদু মহল্লায় এ হামলার পর দুর্বৃত্তরা ওই মহিলার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করছেন স্বজনরা।
নিহত খাইরুন্নেছা ওরফে মিনা (৫৫) স্থানীয় নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী খাইরুন নেছা বাড়িতে থেকে সুদে টাকা খাটাতেন। বিশেষ করে শিক্ষকদের চেকের বিনিময়ে তিনি টাকা দিতেন সুদে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ৪/৫ জনের একদল সন্ত্রাসী তাকে ডেকে বাড়ির কাছেই একটি বাগানে নিয়ে যায়। সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।
তার ছেলে সাজ্জাদ হোসেন সবুজ জানান, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি আসার সময় দেখি বাগানের মধ্যে আমার রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছেন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয় বলে জানান সবুজ।
ধামইরহাট থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, কী কারণে ওই মহিলা খুন হয়েছেন তা এখনো পরিষ্কার নয়। তদন্ত করে রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরো জানান, এই ঘটনায় ৪/৫ জনকে আসামি করে নিহতের স্বামী নজরুল ইসলাম শুক্রবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দুপুরে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
