রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজবাড়ী সদর উপজেলায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে নিজ গ্রাম দয়ালবন্দে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে রাজবাড়ী সদর থানার ওসি আবদুল খালেক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় সাত্তারের উপর হামলা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মাথায় গুলি লেগেছে জানিয়ে ওসি খালেক বলেন, “সাত্তারের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
