২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের গাছ কাটা চলছে, দেখার কেউ নেই

পাবনার পাকশী এলাকায় রেলের শতবর্ষী গাছ রাতের আধারে কেটে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি দুর্বৃত্ত চক্র।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:20 PM

গত ২/৩ সাপ্তাহে প্রায় অর্ধশত গাছ কেটে নিয়েছে ওই চক্র। তারা নিজেদের সরকার দলীয় লোক পরিচয় দিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে এসব মূল্যবান গাছ কাটা চললেও পুলিশ কিংবা রেল কর্তৃপক্ষ কিছুই করতে পারছে না বলে সংশ্লিষ্টরা জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকশী রেল হাসপাতালের পিছনে, মেরিনপাড়ার ভাগারের কাছে, বাবুপাড়া, গেস্ট হাউসের পিছনে, চায়না কটেজের পাশসহ বিভিন্ন এলাকা থেকে রেলওয়ের অন্তত অর্ধশত গাছ কেটে নিয়ে গেছে।

স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯ শতকের গোড়ার দিকে ভারতের কলকাতার সঙ্গে বাংলাদেশের (তৎকালীন ব্রিটিশ ভারত) উত্তরের জেলাগুলির সংযোগের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় অফিস প্রতিষ্ঠা করা হয় পাবনার পাকশীতে।

ব্রিটিশ আমলেই কয়েকশত একর জমির উপর রোপন করা পাকশী রেলওয়ের রয়েছে কয়েকহাজার বিভিন্ন প্রজাতির গাছ, যেগুলোর বয়স এখন একশ বছরের মতো।  

দীর্ঘদিন ধরে একটি চোরচক্র এ গাছগুলো কেটে আসলেও রেলওয়ে কিংবা পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, এই চোরচক্রের মধ্যে রয়েছেন স্থানীয় তরিকুল ইসলাম ভাদু ও মো. বাদল হোসেন। বাদলের নিজস্ব কাঠ চেরাই মিলও (স মিল) আছে। ওই স-মিলেই তারা গাছগুলো বিক্রি করে।

কথা বলতে তরিকুল ইসলাম ভাদুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।  

এ ব্যাপারে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুল ইসলাম হাব্বুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাদু পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তবে বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত।

তিনি বলেন, যারা এ ধরনের কাজে জড়িত তারা কেউ আওয়ামী লীগ কিংবা বিএনপির নয়। তারা সুযোগ সন্ধানী একটি চোরের দল। বিভিন্ন দলের নাম ব্যবহার করে অপকর্ম ও চুরি করে বেড়ায়।

প্রশাসন ও পুলিশের অবহেলার ব্যাপারে জিজ্ঞেস করা হলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানিকুজ্জামান এবং পাকশী বিভাগীয় রেলের মুখ্য প্রকৌশলী আব্দুস সাত্তার তা অস্বীকার করেন।

প্রকৌশলী আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি দুটি গাছ কাটার ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।

“এখানে তো প্রচুর গাছ, জনবল সংকটের কারণে রক্ষণাবেক্ষণ করাও কঠিন হয়ে পরেছে আমাদের পক্ষে।”

তবে গাছ চুরির বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ কর্মকর্তা মানিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিজেই কয়েকটি গাছ রাতের আঁধারে উদ্ধার করে রেল কর্তৃপক্ষকে দিয়েছি। এক কথায় বলা চলে এই হাজার হাজার গাছ আমিই ঠেকিয়ে রেখেছি।”

তিনি জানান, সম্প্রতি বাবুপাড়ায় একটি গাছ কাটার সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রেল কতৃপক্ষ এ ঘটনায় মামলা দায়ের করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, রেলের এসব গাছ কাটার ঘটনায় ভাদু ও বাদল জড়িত বলে স্থানীয়রা পুলিশে বিভিন্ন সময় মৌখিকভাবে অভিযোগ করেছে।

“তবে কারো নাম উল্লেখ করে রেলওয়ে মামলা না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারছি না,” বলেন বিমান।