২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক সম্পর্ক বাড়াবে চীন-যুক্তরাষ্ট্র

চীনের রাজধানী বেইজিং এ যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বার্ষিক সংলাপে দু’দেশ সামরিক সম্পর্ক জোরদার করা এবং সন্ত্রাস বিরোধী অভিযানে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2014, 08:52 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

তবে সাইবার নিরাপত্তা এবং দক্ষিণ ও পূর্ব চীন সাগর নিয়ে বিরোধের মতো কন্টকাকীর্ণ ইস্যুগুলোতে দুপক্ষের মধ্যে অগ্রগতির আভাস পাওয়া গেছে সামান্যই।

দু’দিনের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অর্থমন্ত্রী জ্যাক লিউয়ের সঙ্গে আলোচনা করেন চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং এবং শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচি। বৈঠকে খুব বেশি অগ্রগতির আশা করা যায়নি কখনোই।

চীনের মুদ্রা থেকে উত্তর কোরিয়া পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ইয়াং বলেন, দু’পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে সহযোগিতা, আইনের প্রয়োগ এবং সামরিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে।

তবে সাইবার নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে ইয়াং বেইজিংয়ের অবস্থানেই অটল থাকেন।

যুক্তরাষ্ট্রকে একটি নিরপেক্ষ ভূমিকা নেয়া এবং পক্ষপাতদুষ্টতা পরিহার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে চীন।

ওদিকে, ওয়াশিংটন কোনো পক্ষ অবলম্বন করছেনা বলে দাবি করেছে এবং দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের আচরণের সমালোচনা করেছে।