২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মযজ্ঞে’ ডিসিদের সহযোগিতা চাইলেন উপদেষ্টা

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনে ভবিষ্যতের বড় কর্মযজ্ঞে জেলা প্রশাসকদের  (ডিসি) সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, “বিদ্যুতের অবস্থা অন্যান্য বছরগুলোর চেয়ে অনেক ভালো।

“স্থানীয়ভাবে যে চ্যালেঞ্জ আছে, আমরা যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি- চট্রগ্রাম থেকে শুরু করে খুলনা পর্যন্ত কয়েক হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র হবে, ডিপ-সি পোর্ট হবে, এসব জায়গায় জমি অধিগ্রহণ শুরু করাসহ অন্যান্য বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

“উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে, ২০২১ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য সব ধরনের উদ্যেগ নেয়া হচ্ছে।”

দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “বড় পুকুরিয়ার উত্তর দিকে বেশি করে কয়লা উত্তোলন করবো উন্মুক্তভাবে, সেটার ডিজাইন হচ্ছে, এটার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আগামীতে উৎপাদন বাড়বে।”

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, “আমাদের পাঁচটি কয়লা খনির মধ্যে বড়পুকুরিয়ার উত্তর দিকে একটিকে উন্মুক্ত কয়লা খনি করার জন্য ওয়াটার ম্যানেজমেন্ট মডেল তৈরি করা হচ্ছে।

“আগামী সেপ্টেম্বরে তা (মডেল) পেয়ে গেলেই উন্মুক্তর দিকে যাবো, সেখানে উন্মুক্ত করতে গেলে ৫ বছর সময় লাগবে। সেখানে ৫ বছরের মাথায় ১৩০০ মেগাওয়াগের বিদ্যুৎ প্ল্যান্ট করার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।”

নসরুল হামিদ বিপু বলেন, নিজেদের এলাকায় ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসকদের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে।

এছাড়া সিলেটে পাথর উত্তোলন, সারা দেশে তেল পরিবহণ ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়েছে।