আর্জেন্টিনার এক সমর্থকের পিঠ এসিডে ঝলসানোর অভিযোগ
বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনাকে ‘সমর্থন করায়’ একজনের পিঠ এসিড দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতের এ ঘটনায় আহত লিটন সিকদার শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মাদারীপুর জেলার কালকিনি থানার কানুরগাও গ্রামের লিটন খাসেরহাট বাজারের একজন সিমেন্ট ব্যবসায়ী।
এ ঘটনায় বৃহস্পতিবার খাসেরহাট গ্রামের আরিফ হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোসাইহাট থানার এসআই খায়রুল আলম।
শরীয়তপুর সদর হাসপাতালের ডাক্তার আকরাম এলাহি বলেন, “দুর্বত্তরা লিটন নামে একজনকে এসিড দিয়ে পিঠে লিখে ঝলসে দিয়েছে।”
তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
আহত লিটন বলেন, “আমি আর্জেন্টিনার সমর্থন করি, এ কারণে আমাকে রাতের বেলা ধরে নিয়ে মারপিট করে এবং পিঠে এসিড দিয়ে লিখে পিঠ ঝলসে দেয়।”
জুয়েলের ধারণা আগের দিন যাদের সঙ্গে তার খেলা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল তারাই এই কাজটি করেছে।
তিনি জানান, বুধবার রাত অনুমান ৯টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
খাসেরহাট বাজারের পুব দিকে রাস্তায় মুখ বাধা অবস্থায় ১৫/২০ জন তার গতিরোধ করে পাশের বিলের মধ্যে ধরে নিয়ে নিয়ে গিয়ে বেদম মারপিট করে।
এ সময় সন্ত্রাসীরা লিটনকে মাটিতে শুইয়ে তার পিঠে এসিড দিয়ে ‘বঙ্গবন্ধু আর তুই এক না, বারাক ওবামা’ লিখে পিঠ ঝলসে দেয়।
লিটনের চিৎকালে লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
