২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে এবার ভর্তি পরীক্ষা ৩ ইউনিটে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছর আটটি ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটের মাধ্যমে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 04:54 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন জানান, বৃহস্পতিবার ভর্তি উপ-কমিটির এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

তিনি জানান, এবার বিজ্ঞান অনুষদের বিষয়গুলোর জন্য ‘ক’ ইউনিট, কলা অনুষদের জন্য ‘খ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের জন্য ‘গ’ ইউনিটে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা নেয়া হবে ১৯ থেকে ২৫ অক্টোবর।

উপাচার্য বলেন, গত বছর ভর্তি পরীক্ষা নেয়া হয়েছিল ‘এ’ (কলা), ‘বি’ (আইন), ‘সি’ (বিজ্ঞান), ‘ডি’ (ব্যবসায় শিক্ষা), ‘ই’ (সামাজিক বিজ্ঞান), ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান), ‘জি’ (কৃষি), ‘এইচ’ (প্রকৌশল) ইউনিটে ভাগ করে। বেশি ইউনিটে পরীক্ষা নেয়ায় ভর্তি প্রক্রিয়াও দীর্ঘায়িত হচ্ছিল।

“শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চলতি শিক্ষাবর্ষ থেকে ৮ ইউনিটের পরিবর্তে ৩টি ইউনিট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ভর্তি কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।”

ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।