‘জলবায়ু অর্থায়ন কমিশন’ গঠনের প্রস্তাব টিআইবি’র
জাতীয় পর্যায়ে জলবায়ু তহবিল ব্যবস্থাপনা ও কার্যকর ব্যবহারে উচ্চক্ষমতা সম্পন্ন ‘জলবায়ু অর্থায়ন কমিশন’ গঠনের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন : প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সুপারিশ করে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানটি।
টিআইবির জলবায়ু অর্থায়ন সুশাসন প্রকল্পের সমন্বয়ক জাকির হোসেন খান উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, সার্বিকভাবে বৈশ্বিক জলবায়ু অর্থায়নে দায়ী দেশগুলোর প্রতিশ্রুতির তুলনায় অগ্রগতি সামান্য, তহবিলের মাত্র ৭ দশমিক ২ শতাংশ অর্থ ছাড় দিয়েছে তারা। অন্যদিকে সবুজ জলবায়ু তহবিল থেকে অর্থায়নে তেমন অগ্রগতি হয়নি।
“প্রতিশ্রুতির তুলনায় স্বল্প তহবিল প্রবাহ, অভিযোজনের জন্য যথার্থ তহবিল বরাদ্দে অনিশ্চয়তা, তহবিলকে উন্নত দেশগুলোর ব্যবসায় ব্যবহারের আশংকা এবং সার্বিকভাবে জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা কাঠামোয় ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে।”
বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি) প্রণয়ন করে রাজস্ব বাজেটের অর্থে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ (বিসিসিটিএফ) গঠন, জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড’ (বিসিসিআরএফ) গঠনসহ নানা পদক্ষেপ নিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর জুন পর্যন্ত বিসিসিটিএফ তহবিলে প্রতিশ্রুত ৩৫০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ছাড়কৃত অর্থের পরিমাণ ছিল ২৫১ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। বিসিসিআরএফ-এ প্রতিশ্রুত ১৮৮ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ছাড়কৃত অর্থের পরিমাণ ছিল ১৪৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার।
প্রতিশ্রুত অর্থ ছাড়ে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে উন্নত দেশগুলোকে চাপ প্রয়োগের ওপর জোর দেন সভার আলোচকরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রমকে অব্যাহত রাখতে জাতীয় রাজস্ব বাজেট থেকে নিয়মিত ও প্রয়োজনীয় অর্থ বিসিসিটিএফে বরাদ্দের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
পাশাপাশি তহবিল ব্যবস্থাপনা ও কার্যকর ব্যবহারে সরকারি-বেসরকারি প্রতিনিধি নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘জলবায়ু অর্থায়ন কমিশন/কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার সুপারিশ করেন তিনি।
“জলবায়ু অর্থায়ন দেশের জন্য অপরিহার্য। আমরা চাই, ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ পৌঁছাক। জলবায়ু অর্থায়ন দুর্নীতিমুক্ত হোক। অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত হোক।”
জলবায়ু অর্থায়ন ব্যবস্থাপনায় নিরীক্ষার বিষয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ জানান, অন্যান্য প্রকল্পের মতো জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলার প্রকল্পের নিরীক্ষার ক্ষেত্রে তার কার্যালয় হাই রিস্ক, হাই ভ্যালুকে প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে সব প্রকল্পের নিরীক্ষার প্রয়োজন পড়বে না।
সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয় বলে জানান তিনি।
“আমাদের ভাবমূর্তির ঘাটতি রয়েছে। এ ভাবমূর্তি পরিবর্তন করতে হবে। প্রতিশ্রুত অর্থছাড়ে সমন্বিত কার্যক্রম পরিচালনা করতে হবে।”
টিআইবি চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টের প্রকল্প সমন্বয়ক ফজলে রাব্বি সাদেক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিদারুল আলম, ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিংয়ের নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।
