২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি বেশি স্থানীয় সরকার ভাল নয়: আশরাফ

এই মুহূর্তে জেলা পরিষদ নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জেলা পরিষদ রাখা হবে কি না- সে সিদ্ধান্ত আগে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

তার ভাষায় ‘বেশি বেশি স্থানীয় সরকার’ কাজে আসে না; সরকারের অতিরিক্ত শাখা-প্রশাখাও গণতান্ত্রিক দেশের জন্য শুভ নয়।

বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এখনো জেলা পরিষদ নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

“আশা করি অদূর ভবিষ্যতে নির্বাচিত একটি প্রতিষ্ঠান (জেলা পরিষদ) করা সম্ভব। তবে এটার প্রয়োজন আছে কি না, সবার আগে সেটা ভেবে দেখতে হবে।”

জেলা পরিষদ বিলুপ্ত করা হবে কি না- এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, “সেটা বিবেচনার দাবি রাখে। সব কিছুই পর্যালোচনা করতে হবে। কোনো গভার্নমেন্টই অ্যাবসোলিউট না।”

জেলা পরিষদ রাখা বা না রাখা নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

“জেলা পরিষদের ক্ষমতা কী- তা আগে যদি নির্ধারণ না করা হয়...অনেক জায়গায় এক কোটির বেশি ভোটার। এক কোটি ভোটার নিয়ে কী করবেন? এদের (প্রশাসক) ক্ষমতা কী করবেন?”

বর্তমান সরকার বিভিন্ন সময়ে প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে এলেও আশরাফের ভাষায়, “এত গভার্নমেন্ট ভালো নয়… সরকার যত কম থাকে ততই দেশের জন্য মঙ্গল। অহেতুক বিভিন্ন শাখা-প্রশাখা গণতান্ত্রিক দেশের জন্য শুভ লক্ষণ নয়।”

আশরাফ এখন এ কথা বললেও ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে’ নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে পরিচালনার লক্ষ্যে ২০০০ সালে তখনকার আওয়ামী লীগ সরকারই নতুন ‘জেলা পরিষদ আইন’ প্রণয়ন করে।

এতে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচজন নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠনের কথা বলা হয়, যারা সংশ্লিষ্ট জেলার অন্য স্থানীয় সরকারগুলোর জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবেন।

বর্তমানে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১টি জেলা পরিষদ চলছে সরকারের নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মাধ্যমে।  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ২০১১ সালে ৬১ জেলায় সরকার মনোনীতদের প্রশাসক হিসাবে নিয়োগ দেন।

সৈয়দ আশরাফ বলেন, ইউনিয়ন পরিষদ হলো সর্বশেষ তৃণমূল সরকার, যাকে শক্তিশালী করা প্রয়োজন।

“এর ওপরে পৌরসভা, তার ওপরে সিটি করপোরেশন, তারপর উপজেলা, এর ওপরে জেলা পরিষদ - তাহলে তৃণমূলের নির্বাচিত ইউনিয়ন পরিষদ কোথায় যাবে? ইউনিয়নের ক্ষমতা কোথায় যাবে? যত বেশি স্ট্রাকচার করবেন, তত বেশি অর্থ বণ্টন করতে হবে।”

জেলা পরিষদের মনোনীত প্রশাসকদের হাতে যে বাজেট দেয়া হয় তা তৃতীয় শ্রেণির পৌরসভার চেয়েও কম বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, “আগে জেলা ভাগাভাগি করতে হবে। এরপর নির্বাচিত প্রতিনিধি নিয়ে আসতে হবে। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে তাকে ঠুঁটো জগন্নাথ করে রাখার কোনো মানে হয় না।”

স্থানীয় সরকারের অর্থায়ন ও গতি নিয়ে ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় সরকারের বিষয় ‘সব থেকে প্রয়োজনীয়’।

“এটা খুব সেক্সি মন্ত্রণালয় নয়, তাই সবার কাছে বেশি উত্থাপন হয় না। তবে প্রতিটি মানুষের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।”

স্থানীয় সরকারের কাঠামোর বিষয়ে জেলা প্রশাসকরা (ডিসি) লিখিত দাবি উত্থাপন করেছেন জানিয়ে আশরাফ বলেন, তাদের যৌক্তিক দাবি বিবেচনা করে আগামীতে বাস্তবায়ন করার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।

পুরনো খবর:

জেলা পরিষদ এখন রাজনৈতিক দলের ‘আখড়া’: টিআইবি