২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ এখন রাজনৈতিক দলের ‘আখড়া’: টিআইবি

ক্ষমতাসীন দলের নেতাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দেয়ায় বর্তমান জেলা পরিষদ রাজনৈতিক দলের ‘আখড়ায়’ পরিণত হয়েছে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 08:03 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

তাদের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারদলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময় জেলা পরিষদের গাড়ি ব্যবহারের পাশাপাশি প্রতিদিন পরিষদের টাকায় চা-নাস্তাও করছেন।

বুধবার রাজধানীর বিয়াম হলে ‘স্থানীয় সরকার ব্যবস্থায় জেলা পরিষদ : সুশাসনের জন্য চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে টিআইবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি এম হাফিজ উদ্দিন খান, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং পরিচালক রফিকুল হাসান।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন দলীয় কর্মীদের চা-নাস্তা খাওয়ানো বাবদ পরিষদের ১৫০ থেকে ২০০ টাকা ব্যয় হয়। এছাড়া দলীয় নেতাকর্মীরা জেলা পরিষদের গাড়ি ব্যবহার করেন।

“যেখানে জেলা পরিষদের নিজস্ব কোনো আয় নেই, সেখানে বছরে প্রায় অর্ধকোটি টাকা শুধু দলীয় নেতাকর্মীদের চা-নাস্তার পেছনে ব্যয় হচ্ছে।”

বর্তমানে জেলা পরিষদগুলোতে জাবাবদিহি কাঠামো অনুপস্থিত বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের কর্তৃত্ব করার প্রবণতা এবং এর বিপরীতে জনপ্রতিনিধিদের মানতে সরকারি কর্মকর্তাদের মানসিকতার ঘাটতি রয়েছে বলে তার মত।

“এই দুটি শক্তিশালী স্বার্থগোষ্ঠীর টানাপোড়েনের শিকার হয়ে পড়েছে জেলা পরিষদের কার্যকারিতা,”  বলেন ইফতেখারুজ্জামান।

বাংলাদেশের নির্বাচনের মান নিয়ে প্রশ্ন আছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন।

“এটা ঠিক যে বাংলাদেশের নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, কিন্তু তাই বলে নির্বাচন বন্ধ করে দিতে পারি না। আমরা প্রতিবাদ করব, এক সময় না এক সময় ভাল নির্বাচন হবে।”

কেন্দ্রীয় সরকারের প্রভাবের কারণে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল বলে মন্তব্য করেন তিনি।