২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি-উজানের পানিতে শেরপুরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 12:37 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

নালিতাবাড়ীর ভোগাই, চেলাখালি  মহারশি ও  সোমেশ্বরী নদীতে পানির প্রবাহ বেড়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভোগাই নদীর তীর রক্ষা বাধ ভেঙে নালিতাবাড়ী পৌর শহরের শিমুলতলা, গড়কান্দা এলাকায় শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

পানিতে রোপা আমনের অনেক বীজতলা ডুবে গেছে। তলিয়ে গেছে নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কের দুই কিলোমিটার সড়ক।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন বলেন, অনেক বাড়ি ঘরে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি ঢুকেছে। তবে পানি নেমে যাওয়ার পরই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

এদিকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ঝিনাইগাতী উপজেলার ১১টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উপজেলার বাগেরভিটা, কান্দুলি, দাড়িয়ার পাড়, কোণাগাঁও, চতল, মটিয়া পাড়া, বনগাঁও, বগাডুবি,কালিনগর, সুরিহারা ও বাতিয়াপাড়া গ্রামের নিম্নাঞ্চলের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।