২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোচিং সেন্টারে ‘ধর্ষণ’, শিক্ষক হাজতে

নারায়ণগঞ্জ নগরীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ, পরে যাকে জেল হাজতে পাঠায় আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 10:10 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বিকালে লেন্স ইংলিশ কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক মোহাম্মদ শাহীনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার এ মামলায় তাকে আটক করা হলেও ঘটনাটি ‘সন্দেহজনক’ মনে করায় পুলিশ তাকে ছেড়ে দিয়ে পর্যবেক্ষণে রাখে।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় গণধর্ষণের অভিযোগে চাষাঢ়া কলেজ রোড এলাকার লেন্স ইংলিশ কোচিং সেন্টারের মালিক মোহাম্মদ শাহীনসহ তিন জনের বিরুদ্ধে এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শাহীনকে ওই ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

মামলায় অভিযোগ করা হয়, বাদীনি গত ৫ জুলাই দুপুর ২টায় ওই কোচিং সেন্টারে ভর্তি হতে যান। ওই সময় শাহীন ভর্তি ফরম পূরণ করার কথা বলে তাকে ভেতরের কক্ষে নিয়ে যায় এবং এক পর্যায়ে শাহীন কোচিং সেন্টারের ফটকে তালা লাগিয়ে দেন।

পরে শাহীন ও অজ্ঞাত পরিচয়ের আরো দুই ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।