২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

খুলনার রুপসা উপজেলায় খুলনা-মংলা মহাসড়কে পিকআপের ধাক্কায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা নিহত হয়েছেন, গুরুতর আহত হন প্রতিষ্ঠানটির আরেক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:16 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বিকালে কুদির বটতলা এলাকায় এই দুর্ঘটনায় নিহত অনুপ কুমার ঘোষ (৪৬) খ্রিস্টান সোসাইটি সার্ভিসের (সিএসএস) অডিট কর্মকর্তা। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের প্রয়াত আশুতোষ ঘোষের ছেলে।

আহত জেমস জুয়েল বাড়ৈইকে (৩৯) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহাসড়ক পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএসএসের খুলনার প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেলে অডিট কর্মকর্তা অনুপ ঘোষ এবং হিসাবরক্ষণ (স্বাস্থ্য) কর্মকর্তা জুয়েল বিকালে হাসপাতাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন।

পথে বৃষ্টি শুরু হলে তারা মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়ান। এ সময় মংলা থেকে খুলনাগামী একটি পিকআপ ওই দুই জনকে ধাক্কা দেয়।

এতে অনুপ ঘটনাস্থলেই মারা যান।

পিকআপ ফেলে চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খ্রিস্টান সোসাইটি সার্ভিস (সিএসএস) পরিচালিত আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. মহসিন উদ্দিন জানান, তাদের দুর্ঘটনার সংবাদ পরিবারের সদস্যদের জানানো হয়েছে।