২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির পরিবহন বন্ধে শিক্ষার্থীরা ভোগান্তিতে

সিলেটে পরিবহন ধর্মঘটের মধ্যে নোটিশ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস বন্ধ রাখায় ভোগান্তির শিকার হয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 07:03 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

সুনামগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমানকে উদ্ধার করাসহ তিন দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি মঙ্গলবার সিলেট বিভাগের চার জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে।

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অপেক্ষা করেও তারা বিশ্ববিদ্যালয়ের বাস পাননি। এমনকি বাস বন্ধ রাখার খবরও তারা জানেন না। এছাড়া সড়কে অন্য যানবহন থাকলেও তা ছিল সীমিত সংখ্যক।

এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং, সিভিল অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং, পদার্থ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, রসায়নসহ কয়েকটি বিভাগের যথারীতি ক্লাস হয়েছে বলে শিক্ষার্থীরা জানান।

এছাড়া অধিকাংশ বিভাগে শিক্ষার্থীরা উপস্থিত হলেও শিক্ষকরা ক্লাস নেননি।

বিশ্ববিদ্যালয়ের বাস বন্ধ থাকায় এবং নগরীতে সীমিত সংখ্যক সিএনজি অটোরিকশায় কষ্ট করে এলেও কোনো বিভাগে ক্লাস হওয়ায় আর কোনো বিভাগে ক্লাস না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘটে ক্লাস হবে কিনা তা জানতে চেয়েও তারা সঠিক তথ্য পাননি। অথচ যথারীতি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বাস বন্ধ থাকায় এবং শহরে গাড়ি না থাকায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ক্লাসের ব্যাপারে আগে থেকে আমাদের কিছুই জানানো হয়নি। অনেক কষ্ট করে এলাম, অথচ এসে দেখি ক্লাস হচ্ছে না।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক দ্বীপেন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের সব সময় বাসে করে নিয়ে আসব এমন কথা নেই। শিক্ষকদের বাসও চলেনি তারপরও অনেক শিক্ষক এসেছেন, তাহলে ‍শিক্ষার্থীরা আসতে পারবে না কেন?

“নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।