২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ‘সমুদ্রসীমা রায়’ দুপুরে প্রকাশ

প্রতিক্ষিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণের রায় মঙ্গলবার প্রকাশ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 09:58 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) রায়ের বিষয়টি বেলা ২টায় প্রেস ব্রিফিংয়ে জানাবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এরই মধ্যে সোমবার রায়ের অনুলিপি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ওই আদালতের বিধি অনুযায়ী তা ২৪ ঘণ্টার আগে কোনো পক্ষ জনসমক্ষে প্রকাশ করতে পারবে না।

গতবছরের ডিসেম্বরে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনে (পিসিএ) দুই পক্ষের যুক্তিতর্ক উত্থাপন শেষে তা রায়ের জন্য অপেক্ষায় রাখা হয়েছিল।

সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বিরোধের প্রধান বিষয় হলো দুই দেশের জলসীমা শুরুর স্থান নির্ধারণ। এছাড়া ভূমিরেখার মূলবিন্দু থেকে সমুদ্রে রেখা টানার পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে।

সমুদ্রসীমা বিরোধের ক্ষেত্রে ভারত সমদূরত্বের ভিত্তিতে রেখা টানার পক্ষে মত দিলেও বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার পক্ষে।

বাংলাদেশের যুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগর ও ভূমির মূলবিন্দু থেকে সমুদ্রের দিকে ১৮০ ডিগ্রির সোজা রেখা যাবে। তবে ভারত বলছে- সমুদ্রতট বিবেচনায় এ রেখা হবে ১৬২ ডিগ্রি।

প্রতিবেশী দুটি দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা শুরু হয় ১৯৭৪ সালে। দীর্ঘসময়ে কয়েকটি বৈঠক হলেও সমাধান না পেয়ে ২০০৯ সালের ৮ অক্টোবর সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতে যায় বাংলাদেশ। সেখানেও সমঝোতা না হওয়ায় ২০১১ সালের মে মাসে হেগের আদালতের শরণাপন্ন হয় ঢাকা।

অবশ্য ২০১২ সালের জুলাইয়ে আদালতে পাল্টা দাবি উত্থাপন করে ভারত।

এর আগে ২০১২ সালে জার্মানির হামবুর্গে সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের যে রায় দেয় তাতে নায্যতার ভিত্তিতে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমা পায় বাংলাদেশ।