২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খান-মাহমুদুরকে জিজ্ঞাসাবাদ করতে চায় কানাডা পুলিশ

খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারাধীন নাইকো দুর্নীতি মামলায় তার সরকারের মন্ত্রীর দায়িত্বে থাকা দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কানাডা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:14 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

এই তথ্য জানিয়ে দুদক কমিশনার এম সাহাবুদ্দিন সোমবার সাংবাদিকদের বলেছেন, এক্ষেত্রে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে সব ধরনের আইনি সহযোগিতা দেবেন তারা।

এই দুজন হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও খালেদা জিয়ার সাবেক জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান।

কানাডা পুলিশ কয়েক মাস আগে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি পাঠায়, তাতে এই দুজনের সঙ্গে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুরোধও জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেসের ‘দুর্নীতির’ বিষয়ে তারা তদন্ত করছে। তাই তারা ওই সময় দায়িত্বশীল তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

যে সময়ের ঘটনায় দুদকের মামলাটি হয়েছে, তখন মোর্শেদ খান ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তখনকার প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

সাহাবুদ্দিন বলেন, কানাডা পুলিশকে আইনগত সহযোগিতা দিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে। দুদক নিজেদের পাওয়ার তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করবে।

২০০৫ সাল থেকে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ নাইকোর দুর্নীতির বিষয়টি তদন্ত করছে উল্লেখ করে সাহাবুদ্দিন বলেন,“কানাডীয় পুলিশ দুর্নীতিতে তাদের দেশের একজন সিনেটর ম্যাক হার্বের সংশ্লিষ্টতা পেয়েছে। তাদের বক্তব্য, ম্যাক হার্ব বিএনপির এই তিন নেতার সঙ্গে ঘুষ লেনদেন সম্পর্কিত আলোচনা করেছিলেন।”

কানাডীয় খনিজ অনুসন্ধানকারী কোম্পানি নাইকোকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ পাইয়ে দেয়ার অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদার বিরুদ্ধে এই মামলা হয়।

দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলমের করা এই মামলার এজাহারে বলা হয়, নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতি করেছেন।

একই সময়ে শেখ হাসিনার বিরুদ্ধেও নাইকোকে কাজ দেয়ায় দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা হয়েছিল। তা ২০১০ সালে হাই কোর্ট বাতিল করে দেয়। তবে খালেদার মামলাটি এখনো রয়েছে।

পুরনো খবর:

ক্ষতিপূরণের ফায়সালা ছাড়া পাওনা পাবে না নাইকো