শেয়ালটিকে গিলে ফেলল অজগর
নওগাঁর ধামইরহাট উপজেলায় আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে এক শেয়াল।
রোববার রাতে ওই ঘটনার সময় অন্য শেয়ালের চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে এ দৃশ্য প্রত্যক্ষ করে।
ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক জানান, রাত ১১টার দিকে আলতাদিঘী জাতীয় উদ্যানের শালবনে অবমুক্ত করা একটি অজগর বনের প্রান্তে মোল্লা পাড়ার কাছে এসে একটি শেয়াল ধরে ফেলে।
এ সময় প্রায় অর্ধশত শেয়াল সমস্বরে চিৎকার করতে থাকলে গ্রামবাসী আতংকিত হয়ে পড়ে। তারা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরের শেয়ালকে আস্ত গিলে খাওয়ার দৃশ্য দেখতে পায়।
তাদের সামনেই অজগরটি ধীরে ধীরে শেয়ালটিকে গিলে ফেলে বলে জানান লক্ষ্মণ ভৌমিক।
লক্ষ্মণ ভৌমিক আরো জানান, ওই অজগরকে আর প্রায় ছয় মাস শিকার করতে হবে না।
