২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিভিয়া-ডেনিম সব প্রসাধনী তৈরি হচ্ছিল সেখানে

রাজধানীর বংশালে নকল প্রসাধনী তৈরির কয়েকটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে; যেখানে নিভিয়া, ডেনিমসহ বিদেশি নানা ব্র্যান্ডের পণ্য তৈরি হচ্ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 09:38 PM

Updated : 06 Apr 2023, 07:07 PM

সোমবার সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭টি কারখানা সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি দুই কারখানা মালিককে আটক করে তাদের দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে অভিযান পরিচালনাকারী র‌্যাবের হাকিম এএইচএম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দণ্ডিত ওই দুজন হলেন- আনোয়ার ও সানোয়ার।

কারখানাগুলো থেকে অন্তত ১০ ট্রাক পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে, যা নষ্ট করে ফেলা হবে বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার জানান।

তিনি বলেন, “বংশালের মাটিতোলা মসজিদ ও চিত্রা সিনেমা হলের কাছে ময়না হাজীর বাড়িতে হঠাৎ করেই এ অভিযান চালাই আমরা। এসে দেখি এখানে লক্ষাধিক টাকার নকল প্রসাধনী তৈরি হচ্ছে। পরে ১৭টি কারখানা ও গুদাম সিলগালা করার সিদ্ধান্ত হয়।”

ওই বাড়ির দুই তলাজুড়ে নকল পণ্য তৈরি করা হচ্ছিল বলে দেখা যায়। বিদেশির পাশাপাশি দেশি বিভিন্ন ব্রান্ডের নকল পণ্যও দেখা গেছে সেখানে।

আটক আনোয়ার বলেন, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনীর খালি বোতল কিনে তাতে নকল পণ্য ভরে তা চড়া দামে রাজধানীসহ দেশের বিভিন্ন দোকানে সরবরাহ করতেন তারা।

কয়েক মাস আগে এই কাজে যোগ দেয়া শ্রমিক মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে আমার কাজ প্রসাধনীর বোতলে আসল প্রসাধনীর মোড়ক লাগানো।”

অভিযানে র‌্যাবের কেরানীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা মেজর শামিম আহমেদ, লালবাগ ক্যাম্পের কর্মকর্তা মো. কাউসার হোসেন উপস্থিত ছিলেন।