মাটিরাঙ্গায় চার শ্রমিককে উদ্ধারের দাবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চার শ্রমিককে অপহরণের অভিযোগ তুলে তাদের উদ্ধারের দাবি করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
মঙ্গলবারের মধ্যে তাদের অক্ষত উদ্ধার ও ‘অপহরণকারীদের’ গ্রেপ্তার করা না হলে খাগড়াছড়ি জেলায় হরতাল অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।
সংঘঠনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আবদুল মজিদ সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এজেন্ডা বাস্তবায়নে মোটা অংকের অর্থের বিনিময়ে গত ২ জুলাই খাগড়াছড়ি জেলায় বিতর্কিত সিএইচটি কমিশন প্রতিনিধি দল সফরে আসে।
“সিএইচটি কমিশন পাহাড়ে প্রবেশ করেছে মানবাধিকার লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখতে নয়, এ কমিশন এসেছে পাহাড় থেকে বস্তা ভরা অর্থ নিতে। এ কারণে ইউপিডিএফ তাদের এজেন্ডা বাস্তবায়নকারী সিএইচটি কমিশনে অর্থ দিতে মরিয়া হয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে বাঙালি চার শ্রমিককে অপহরণ করেছে।”
তাদের উদ্ধার করতে সক্ষম না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় বিবৃতিতে।
রোববার রাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ব্যাঙমারা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে চার শ্রমিক নিখোঁজ হন, যাদের চাঁদার দাবিতে ‘অপহরণ’ করা হয় বলে অভেযাগ করেছে সেতুটির নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
নিখোঁজ তিন প্রমিক হলেন রাজু, ফারুক ও হারুন।
