২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায় বিচার চাই: নাগরিক কমিটি

সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত অধিবাসীদের অধিকার রক্ষায় সরকারের কাছে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:32 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

খাগড়াছড়ির দীঘিনালায় ২১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত পরিবারকে উচ্ছেদের পরিপ্রেক্ষিতে সেখানে লেখক, সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সোমবার ওই প্রতিবেদন প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল মকসুদ বলেন, “সংবিধানে লেখা আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

“কিন্তু আদিবাসীদের বিষয়ে সরকার যা করছে তাতে আদিবাসীদের উল্টো পেছনে ঠেলে দেয়া হচ্ছে। সরকারের কর্তব্য জনমত যাচাই করে সিদ্ধান্ত নেয়া।”

দীঘিনালা ইউনিয়নের বাবুছড়াতে বিজিবি ক্যাম্প নির্মাণকে কেন্দ্র করে ওই ২১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার উচ্ছেদের খবর সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ২৬ ও ২৭ মে নাগরিক প্রতিনিধি দল সেখানে যায়।

মকসুদ বলেন, “আদিবাসীদের পরামর্শ ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করেছে। আমরা ন্যায় বিচার চাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারকে আহ্বান জানাই। তাদের অধিকার রক্ষায় ন্যায় বিচার চাই।”

রাজধানীর রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিদর্শনকারী নাগরিক প্রতিনিধি দলের অন্যতম সদস্য দীপায়ন খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “বাবুছড়া, দিঘীনালা, কবাখালী, বোয়ালখালী ও মেরুং এই ৫ টি ইউনিয়ন মিলে দিঘীনালা উপজেলা।

“মূলত সমস্যা হয়েছে ‘বাবুছড়া’ নামটি নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে খাগড়াছড়ির বাবুছড়া ইউনিয়নে। খাগড়াছড়িতে বাবুছড়া নামে একটি ইউনিয়ন আছে, আবার দীঘিনালা ইউনিয়নে একইনামে একটি ছড়া (ছোট পাহাড়ী নদী বা ঝর্ণা) আছে।”

তিনি জানান, গত ১৫ মে ওই ছড়ার আশপাশের ২৯ দশমিক ৮১ একর ভূমি জেলা প্রশাসন অধিগ্রহণ করে বিজিবি খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরকে হস্তান্তর করে। 

দীপায়ন বলেন, “অধিগ্রহণকৃত জমিতে ২১ টি আদিবাসী পরিবারের আবাস ছিল। ভূমি অধিগ্রহণের সময় রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত কেউ এ বিষয়ে গুরুত্ব দেয়নি।”

তিনি জানান, গত ১০ জুন ওই এলাকায় ক্যাম্প নির্মাণ নিয়ে বিজিবির সঙ্গে স্থানীয় অধিবাসীদের সংঘর্ষ হয় এবং এরপর ১১ জুন ওই এলাকায় বিজিবি ক্যাম্প নির্মাণ ও সংঘর্ষে ২৫০ জনকে আসামি করে দিঘীনালায় একটি মামলা দায়ের করে বিজিবি।

সংবাদ সম্মেলনে নাগরিক প্রতিনিধি দলের পক্ষ থেকে পাঁচ দফা সুপারিশ জানানো হয়।

সেগুলো হল- সংশ্লিষ্ট ঘটনাবলী তদন্তের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন, উচ্ছেদ হওয়া ‘আদিবাসীদের’ নিজ নিজ ভিটামাটিতে প্রত্যাবর্তন ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার এবং বসতিহীন স্থানে বিজিবি ক্যাম্প নির্মাণ।

প্রতিনিধি দলের ওপর হামলার নিন্দা

এদিকে সংবাদ সম্মেলনে গত শনিবার সিএইচটি কমিশনের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আবুল মকসুদ।

তিনি বলেন, “আমি হামলার তীব্র নিন্দা জানাই। ওই দিন এই ঘটনার সময় গাড়িতে যারা ছিলেন তারা তো মারাও যেতে পারতেন। আমি হামলাকারীদের অ্যাটেমপ্ট টু মার্ডারের আওতায় গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।”

রাঙামাটিতে গত শনিবার সিএইচটি কমিশনের গাড়িতে ঢিল ছোঁড়া হয়। এতে আহত হন কমিশনের কো চেয়ারম্যান সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার জামানসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজিব মীর, সঞ্জিব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন, গবেষক পাভেল পার্থ প্রমুখ।