জেবুন্নেছার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় রুল
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল-৫ আসনে সরকার দলীয় সংসদ সদস্য জেবুন্নেছার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ এই রুল জারি করে।
চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন, জেবুন্নেছাসহ বিবাদিদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
“রিট করার পর আজ আদালত রুল জারি করেছে। রুলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেবুন্নেছার প্রার্থিতা বাতিলে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।”
ওই নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটনের রিটে এই রুল হয়, যিনি নির্বাচনে ৬ হাজার ১৩৬ ভোট পেয়েছিলেন।
অন্যদিকে স্বামীর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জেবুন্নেছা ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে জয়ী হন। ওই আসনে গত ১৫ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
২২ জুন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নিকট শপথও নেন জেবুন্নেসা।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের মৃত্যুতে জাতীয় সংসদের বরিশাল সদর আসনটি শূন্য হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ৯ এপ্রিল তার মৃত্যু হয়।
হিরণ ২০০৮ সালে বরিশালের মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। এরপর গত ৫ জানুয়ারির নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।
