ইয়াবা আমীনের তাণ্ডব, নারীর শ্লীলতাহানি
পিরোজপুর সদরের কদমতলা গ্রামে রোববার রাতে অন্তত ২০টি পরিবারে হামলা, লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় আমীন খান ওরফে ইয়াবা আমীন ও তার লোকজন রাত ৮টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত এ তাণ্ডব চালায়।
সরকার দলীয় নেতাদের প্রশ্রয়ে ইয়াবা আমীন এসব অপকর্ম করছে বলে এলাকাবাসী দাবি করলেও আওয়ামী লীগের নেতারা তা অস্বীকার করেছেন।
এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, রোববার রাত ৮টার দিকে রাম দা, ছোরা, পটকা নিয়ে আমিনসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী কদমতলায় হামলা করে। ঘরের বেড়ায় আগুণ দিয়ে এবং পটকা ফাটিয়ে প্রথমে তারা আতঙ্ক সৃষ্টি করে, পরে লুটপাট চালায়।
এ সময় তারা বাড়ির লোকজনদের সেহেরি করতে দেয়নি, পরিবারের লোকজনের সামনে মেয়ে ও বউদের শ্লীলতাহানি করে। মুক্তিযোদ্ধার তরুণী মেয়েও তাদের হাত থেকে রেহাই পায়নি।
মুক্তিযোদ্ধা মতিউর রহমান শেখ বলেন, “এই জন্য কি দেশ স্বাধীন করছিলাম? আমার চোখের সামনে কলেজ পড়ুয়া মাইয়াডার গায়ে হাত দেছে, যা খুশি তাই বলছে। মনে বড় কষ্ট। এই মাইয়া আর এ গ্রামে থাকতে চায় না, মাইয়ারে এহন কোতায় রাখমু।”
শুধু মতিউর রহমান নয় একই এলাকার কালাম শেখের বাড়িসহ আশপাশের সাত আট বাড়ির অন্তত ২০টি পরিবারে এ তাণ্ডব চালানো হয়।
গ্রামের আব্দুস সোবাহানের পরিবারের সদস্যরা ভয়ে পিরোজপুর প্রেস ক্লাবে আশ্রয় নিয়েছেন। তাদের ধারণা, এলাকায় ফিরলে তার পুত্রবধূ হাফসাকে তুলে নিয়ে যাবে আমীন বাহিনী।
সোবাহানের স্ত্রী নাসিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চোখের সামনে ছেলের বৌয়ের সাথে অশ্লীল আচরণ করেছে। আমি বাধা দিতে গেলে আমার গলায় আমীনের সহযোগীরা ধারলো দা চেপে ধরে।”
নির্যাতিতা হাফসা বেগম (১৮) বলেন, “ওই সময় আমার এক বছরের শিশু মাটিতে পড়ে কাঁদছিল। ছেলেটিকে কাছে নিতে চাইলে তাকেও ওরা ছুঁড়ে ফেলে।”
মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমার দুই ভাইজিকে সাত ঘণ্টা বাড়ির পাশের ডোবায় লুকিয়ে রেখেছি। এতে তারা অসুস্থ হয়ে পড়েছে।”
এর আগেও আমীন ও তার সহযোগীরা গ্রামের বহু নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে অসম্মানজনক আচরণ করেছে বলে তিনি জানান।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় কালাম শেখ ওরফে কালুর দোকানে অস্ত্র জমা রাখে ইয়াবা আমীন। সেখান থেকে সে পুরো কদমতলা ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। পুলিশ ও সাংবাদিক উপস্থিত হলে দোকান ফেলে রেখে কালু পালিয়ে যায়।
কদমতলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, আমীন ৫নং তেজদাসকাঠি এলাকার চাঁন খানের ছেলে। দিনের পর দিন আমীন ও তার বাহিনীর অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ।
পুলিশকে জানানোর পরও তাকে গ্রেপ্তার করেনি বলে তিনি অভিযোগ করেন।
ওই এলাকার নাজমুল শেখ বলেন, আমীন বাড়ি বাড়ি ঢুকে চাঁদা দাবি করে এবং টাকা না পেলে গরু, হাঁস-মুরগি লুট করে নিয়ে যায়।
কদমতলা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম শেখ বলেন, “আমরা থানার ওসি ও জেলার এসপিকে এ সন্ত্রাসীদের বিষয়ে কয়েকবার জানিয়েছি। কিন্তু সন্ত্রাসীরা সরকারদলীয় হওয়ায় পুলিশ তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমীন ও তার ক্যাডাররা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।”
এ ব্যাপারে পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা কোনো দলের নয়, যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাস চালায়।
তাদের ধরতে স্থানীয় সংসদ পুলিশকে বলেছেন বলেও তিনি জানান।
সদর থানার ওসি আব্দুল রাজ্জাক মোল্লা জানান, দুপুর ১২টার দিকে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে যায়। ওই এলাকা থেকে আমীনের দুই সহযোগী রিয়াজুল ও সিরাজুলের বাবা আব্দুল মালেককে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
তিনি বলেন, “মেয়েদের উপর এমন নির্যাতন সত্যিই অমানবিক। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
