২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থামছে না মা-হারা শিশুটির কান্না

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে দুই পায়ে ব্যান্ডেজ বাঁধা শিশুটির কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো পরিবেশ, আবেগপ্রবণ হয়ে পড়েছেন আশপাশের লোকজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:12 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

সড়ক দুর্ঘটনায় সবচেয়ে নিরাপদ আশ্রয় মাকে হারানোর পর হাসপাতালের বেডে ঠাঁই পাওয়া শিশুটির ডাকে সাড়া দেয়ার মতো আপনজনের সন্ধান মেলেনি তিনদিনেও।

গত শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ি (কাটাখালি ব্রিজ সংলগ্ন) হাওয়াখানা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশ দিয়ে মেয়েকে কোলে করে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মারা যান এক নারী (৩০), পা ভেঙে যায় দুই বছরের মেয়েটিরও।

পুলিশ নিহত নারী ও আহত শিশুটিকে উদ্ধার করে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

এরপর পুলিশ নিহত নারীর পরিচয় খোঁজার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। দুই দিন মর্গে থাকার পর রোববার রাতে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বলেন, “দুর্ঘটনার পর ওই নারীর পরিচয় উদ্ধারের জন্য মাইকিংসহ সব চেষ্টাই করা হয়েছে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, শিশুটির পরিচয় খোঁজার চেষ্টা চলছে। সুস্থ হয়ে ওঠার মধ্যে শিশুটির পরিচয় উদ্ধার করা সম্ভব না হলে কোনো সরকারি এতিমখানায় তাকে লালনপালনের জন্য দেয়া হবে।