২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: চট্টগ্রামে দুই কারখানার কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি ও সেমাই তৈরির অভিযোগে দুটি কারখানার মালিককে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 11:18 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার পরিচালিত পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সব্জির দাম বৃদ্ধি ও অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহার করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩৮ হাজার টাকা জরিমানাও করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চাক্তাই এলাকার রাজাখালীর শেখ মোশাররফ সড়কে অভিযান চালায়।

সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে পচা চাল দিয়ে মুড়ি তৈরির অভিযোগে আউলিয়া মুড়ি মিলের মালিক আলমগীরকে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারা অনুসারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠান এস এম ট্রেডার্সের মালিক জিষু দে’কে ১ লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে ময়লা তেল রাখায় ভেলু স্টোরের মালিক নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় শাহ আমানত অটো রাইস মিল মালিক মোহাম্মদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি ও সেমাই উৎপাদনের বিষয়ে ব্যবস্থা নিতে চাক্তাই শিল্প বণিক সমিতিকে দুই দিনের সময় দেয়া হয়েছে।

“‌এর মধ্যে ভালো পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিধি মোতাবেক অভিযান চালিয়ে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হেবে।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দের নেতৃত্বে আরেকটি অভিযান দল নগরীর ষোলশহর দুই নম্বর গেইটের কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজারে অভিযান চালায়।

সেখানে বেশি দামে কাঁচা মরিচ ও বেগুন বিক্রি করায় নাছির, মিন্টু, ইউসুফ ও সোহেল নামের চার বিক্রেতাকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

একই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর লালখান বাজারের শামসু বেকারিকে ৩০ হাজার এবং কালা মিয়া বাজারের ওনলি ওয়ার বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।