২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিএইচটি কমিশনের গাড়িতে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) প্রতিনিধি দলের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে জনসংহতি সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:49 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক এই সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমার পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, “অত্যন্ত উদ্বেগজনক যে, পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশনের সম্মানিত সদস্যদের উপর গতকাল দুপুরের দিকে রাঙ্গামাটিতে সেটেলার বাঙালিদের উগ্র সাম্প্রদায়িক সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক নৃশংসভাবে হামলা করা হয়েছে।

“বলার অপেক্ষা রাখে না যে, যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন চায় না এবং যারা পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের হীনস্বার্থ হাসিলের চেষ্টা করে তারাই এ হামলা চালিয়েছে।”

অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানায় জনসংহতি সমিতি।

শনিবার রাঙামাটিতে সিএইচটি কমিশনের প্রতিনিধি দলের গাড়িবহরে হামলা হয়। হামলার পর চট্টগ্রাম ফিরে এক সংবাদ সম্মেলনে কমিশনের কো চেয়ার সুলতানা কামাল অভিযোগ করেন, আলোচনা এড়িয়ে পার্বত্যাঞ্চলের বাঙালিদের সংগঠন সমঅধিকার আন্দোলন রাঙামাটিতে এ হামলা চালিয়েছে।

ওই হামলায় সফরকারী দলে থাকা ইলোরা দেওয়ানের মাথা ফেটে যায়। হাতে ব্যথা পান ইফতেখারুজ্জামান ও গলায় আঘাত পান গাড়িচালক। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হন।