২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা ক্ষতিগ্রস্ত করতে চায় টিআইবি: শিক্ষামন্ত্রী

অগ্রসরমান উচ্চশিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার সচিবালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এই দাবি করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দুর্নীতির প্রমাণ দিতে না পারলে টিআইবিকে প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশেরও আহ্বানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেয়াসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কাজে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয় বলে গত সোমবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি।

প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষায় পাস করিয়ে দেয়া থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, অডিট, ভুয়া সনদ, পাঠ্যক্রম, বিভাগ অনুমোদন ও অনুষদ অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি, বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য পরিদর্শন, ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার নিয়োগের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনসহ বিভিন্ন কাজে ৫০০ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত লেনদেনের তথ্য পাওয়া গেছে গবেষণায়।

এছাড়া অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংরক্ষিত তহবিলের ভুয়া রশিদে তিন কোটি টাকা দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করে টিআইবি।

টিআইবির এই প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত অ্যাখ্যা দিয়ে নাহিদ বলেন, অগ্রসরমান বেসরকারি উচ্চশিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সঠিক পদ্ধতি অনুসরণ করে টিআইবি গবেষণা প্রতিবেদন তৈরি করেনি দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, “এটি অপরিপক্ক ও অসম্পূর্ণ। আমরা টিআইবির কাছে জানতে চাইব, কিসের ভিত্তিতে তারা এটা তৈরি করেছে?”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেন, তারাও একযোগে বলেছেন টিআইবির প্রতিবেদন ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’।

ইউজিসিকে কোনো টাকা দিতে হয় কি না জানার জন্য ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয়া হয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু একটি বিশ্ববিদ্যালয় ইউজিসির বিরুদ্ধে অভিযোগ করেছে।

বিশ্ববিদ্যালয় অনুমোদন, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগে আর্থিক লেনদেন হয়নি বলে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।