২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার বিষয়ক সচেতনা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ রোগ সম্পর্কে সচেতনা বাড়াতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার বঙ্গভবনে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাত করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক মোল্লা ওবায়দুল্লাহ বাকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতিকে সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

১৯৭৮ সালে সংগঠনের কার্যক্রম শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে তাদের কাজে গতি আসে বলে ক্যান্সার সোসাইটির কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বলেন।

প্রধানমন্ত্রী ক্যান্সার সোসাইটির কার্যক্রম আরো গতিশীল করার জন্য এক দশমিক ৭৪ একর জমি দিয়েছেন। বর্তমানে সোসাইটি টিনসেড ভবনে ৩২ শয্যার একটি হাসপাতাল করছে। আগামীতে এটি ২৫০ শয্যায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রপতি এসময় প্রতিনিধি দলকে ব্যবসায়ী ও ব্যাংকগুলোকে এ কাজে পাশে পাওয়ার উদ্যোগ নিতে বলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।