২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানায় বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাব অনুমোদন

বিবিয়ানায় চারশ’ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 07:51 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, বিবিয়ানায় চারশ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদুৎকেন্দ্র নির্মাণে দুই হাজার ২৩৯ কোটি ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে।

স্পেনের আইসোলাক্স ইঞ্জিনিয়ার্স ও স্যামসাং সিঅ্যান্ডটি কর্পোরেশন যৌথভাবে এর নির্মাণ কাজ পেয়েছে।

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটের ওভারহলিং কাজের একটি ক্রয় প্রস্তাব ২৩৪ কোটি ৭১ লাখ টাকায় অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

কাজটি পেয়েছে রাশিয়ান প্রতিষ্ঠান মেসার্স কনসোর্টিয়াম অব ইন্টার রাও ইঞ্জিনিয়ারিং এবং ইউক্রেনিয়ান প্রতিষ্ঠান এলএলসি।

জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়নাধীন একটি প্রকল্পের ক্রয় প্রস্তাব ৫১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকায় ভিয়েতনামের প্রতিষ্ঠান ‘এফপিডি ইনফরমেশন সিস্টেম কর্পোরেশন’কে দেয়া হয়েছে।

অন্যদিকে ৩৪ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জরুরিভিত্তিতে পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের মূল্য বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইকোনমিক জোনের ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ফ্যাসিলিটি ইনক্রিজ শীর্ষক প্রকল্পও ক্রয় কমিটিতে অনুমোদন হয়েছে, যাতে ব্যয় হবে ১৯ কোটি ৯৯ লাখ টাকা।