ফরিদপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ ‘আত্মসাত’
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কয়েকটি ইউনিয়ন পরিষদে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বিরুদ্ধে।
এর মধ্যে দাদপুর ইউনিয়নের কয়েকটি বিষয় তদন্তের আহ্বান জানিয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা গত ২৯ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসক ও এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ দেন।
এলাকাবাসীর পক্ষে অভিযোগে স্বাক্ষর করেন দাদপুর ইউনয়নের বাসিন্দা মিন্টু মিয়া ও বাবলু মিয়া।
গত ৩ মার্চ উপজেলা পরিষদের সভায় ইউএনও মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এলজিএসপি-২ প্রকল্পের উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দুই কোটি টাকার ২০৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সহিদুজ্জামান বলেন, উপজেলা পরিষদ শুধু প্রকল্প অনুমোদন করে। তাছাড়া এত কাজ ইউএনওর পক্ষে দেখাও সম্ভব না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত প্রকল্পসমূহ তদন্ত করে দেখা হবে। অনিয়ম থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে বলা হয়, দাদপুর ইউনিয়নের পূর্বভাটদী প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ টাকার মাটি ভরাট কাজে সর্বোচ্চ দশ হাজার টাকার মাটি ফেলা হয়েছে। পূর্বভাটদী রশিদ ফকিরের বাড়ির কাছে এক লাখ টাকার কালভার্ট নির্মাণের কোনো কাজ হয়নি।
কমলেশ্বরদী মাহাতো পাড়ার রাস্তায় এক লাখ টাকার কালভার্ট, নাগদি উত্তরপাড়া রাস্তায় এক লাখ টাকার কালভার্ট ও বাজিতপুর পূর্বপাড়া রাস্তায় আওয়াল মোল্লার বাড়ির কাছে এক লাখ টাকার কালভার্ট নির্মাণের কোনো কাজ হয়নি।
এ তিন জায়গায় তিনটি পুরাতন কালভার্ট দেখিয়ে প্রকল্পের টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরো বলা হয়, বাজিতপুর খালের উপর এক লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হয়নি।
দাদপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। মাটি ভরাটসহ সব কাজই করা হবে।
শত্রুতা করে এলাকার লোকজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে বলে দাবি করেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, ওই সকল প্রকল্পের টাকা সরাসরি চেয়ারম্যানদের ব্যাংক হিসাবে জমা হয়ে যায়। উপজেলা এলজিইডি অফিসের কোনো তদারকি নেই।
তিনি জানান, এলাকায় সংশ্লিষ্ট প্রকল্পের জন্য তদারকি কমিটি থাকার কথা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সব তদারকি কমিটিও চেয়ারম্যানের নিজস্ব লোকজন দিয়ে গঠন করা হয়। কোনো কোনো স্থানে তদারকি কমিটিতে নাম থাকলেও তারা কিছুই জানে না।
