২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ লেকে ১৩ হাজার পোনা ছাড়লেন স্পিকার

‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪'র এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংসদ ভবনের লেকে প্রায় ১৩ হাজার বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:23 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

রোববার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে এসব মাছের পোনা অবমুক্ত করেন।

সংসদের লেকে ৩ প্রজাতির পোনা ছাড়া হয়। এর মধ্যে এর মধ্যে কাতলা ৫ হাজার ৪৭৪টি, রুই ২৩৮ ৩ হাজার ৬৫০টি এবং মৃগেল ৩ হাজার ৭৯৬টি। মোট ১২ হাজার ৯২০টি পোনা ছাড়া হয়।

পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে স্পিকার বলেন, মৎস্যখাত বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। পরিবারকে স্বাবলম্বী করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন. পুষ্টি চাহিদা পূরণ, মেধাসম্পন্ন জাতি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, নারী ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে মৎস্যখাত অবদান রেখে চলছে।

২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থ বছরে মৎস্যখাত থেকে প্রায় ৮ হাজার ৪২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয়ের তথ্য তুলে ধরে তিনি বলেন, বাস্তবধর্মী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ফলে তা সম্ভব হয়েছে।

দেশের সব জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রশংসা করেন শিরীন শারমিন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, সংসদ-সদস্য কাজী রোজী, তালুকদার মো. ইউনুস, গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।