বর্ষণে রাজধানীতে দুর্ভোগ
টানা বর্ষণে শনিবার রাজধানীর অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে নগরী ও আশপাশের অনেক নিচু এলাকা তলিয়েও গেছে।
অলিগলিসহ প্রধান সড়কগুলোতে দীর্ঘক্ষণ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। অনেক এলাকায় যান চলাচলও ব্যাহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেলা ১২টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় পটুয়াখালীতে, ১৫০ মিলিমিটার।
দু-তিন দিন পর বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।
“মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। রোববার-সোমবারও বৃষ্টি থাকবে। এরপর ধীরে-ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে,” বলেন আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।
গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মগবাজার, মৌচাক, মালিবাগ, রাজারবাগ, আগারগাঁও, শেওড়াপাড়া, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বংশাল, আজিমপুর, লালবাগ, কমলাপুর, বাসাবো, মুগদাপাড়া, শনির আখড়া, জুরাইনসহ বিভিন্ন এলাকার সড়ক দীর্ঘক্ষণ জলাবদ্ধ থাকে।
কোথাও-কোথাও হাঁটুপানি জমে যায়। অনেক জায়গায় স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। বৃষ্টির কারণে যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে কোথাও-কোথাও।
রিকশা-অটোরিকশার যাত্রীদের স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া গুণতে হয়েছে।
মিরপুরের বাসিন্দা খলিলুর রহমান বলেন, “বেলা ২টা পর্যন্ত রোকেয়া সরণীর একাংশে পানি জমে থাকতে দেখেছি। এসময় যান চলাচল কম ছিল। তাই মানুষের দুর্ভোগও চরমে ওঠে।”
কার্যকর পানি নিষ্কাসন ব্যবস্থা না থাকায় অলিগলিতে বিকাল পর্যন্ত হাঁটু পানি জমে ছিল।
বাংলা মটর-মগবাজার এলাকায় ফ্লাইওভারের কাজের কারণে আশপাশের এলাকায় যানচলাচল ব্যাহত হয়। বৃষ্টিতে ডুবে যায় পূর্ব রামপুরার একাধিক অলি-গলি।
হাতিরঝিলের পাশে উলনের সড়কগুলো কাদা-পানিতে ডুবে যায়। বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪, ৫, ৬ নম্বর সড়ক তিনটির বাসিন্দাদেরও দুর্ভোগ পোহাতে হয়।
শান্তিনগর, খিলগাঁও, মালিবাগ মোড়, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, শ্যামলী ২নং রোডের প্রবেশপথসহ মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, তেজতুরি বাজার, মৌচাক মোড়, পুলিশ লাইন, নাখালপাড়া, তেজকুনিপাড়া, খিলগাঁও, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, কাকরাইল, টিকাটুলী, হাটখোলা, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, ধানমণ্ডি ২৭ নম্বর রোডসহ অনেক জায়গায় সৃষ্টি হয় সাময়িক জলাবদ্ধতা।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। তাই এত বৃষ্টি হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
