২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৃঙ্খলা ধরে রাখতে পিজিআরকে প্রধানমন্ত্রীর নির্দেশ

সুশৃঙ্খল বাহিনী পরিচালনায় ‘চেইন অফ কমান্ড’ সমুন্নত রাখার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

স্বতন্ত্র প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, কার্যকরী কমান্ড চ্যানেল সেনাবাহিনীতে যে কোনো কাজ সমাধানে মূখ্য ভূমিকা রাখে।

“আমি বিশ্বাস করি, সকল স্তরের কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের প্রতি অনুগত থাকলে যে কোনো কাজ দক্ষতা, শৃংখলা ও নিপুণতার সাথে সম্পন্ন করা সম্ভব।”

শনিবার বিকালে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, “নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে সকল কাজে আপনারা এগিয়ে যাবেন বলে আমি প্রত্যাশা করি।”

কমান্ডাররাও তাদের অধীনস্তদের প্রতি সবসময়ই প্রয়োজনীয় মনোযোগ বজায় রাখবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, সেনাবাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পিজিআর সদর দপ্তরে পৌঁছালে বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার দেয়। পরে প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সামরিক জীবনে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জিত হয় এবং নৈপুন্য নিশ্চিত করা যায়।

কর্তব্য পালনের পাশাপাশি পিজিআর সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত অনুশীলন চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭৫ সালের ০৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় প্রয়োজনে এই রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন। বর্তমানে পিজিআর একটি স্বতন্ত্র রেজিমেন্ট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসাবে তার সরকার সর্বক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায়।

“সকল ক্ষেত্র ও প্রতিষ্ঠানের ন্যায় পিজিআর তার দায়িত্ব পালনে তথ্য প্রযুক্তির ব্যবহার করেছে। এই প্রযুক্তির ব্যবহার তাদের কায়িক শ্রম লাঘব এবং নিরাপত্তা বিধানকে আরো কার্যকরী করেছে।”

যারা কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন পিজিআরের সে সকল সদস্যকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, “দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকল্পে আপনাদের একাগ্রতা ও আত্ম উৎসর্গের মনোভাব যেন চিরদিন বজায় থাকে।”

সরকার প্রধান হিসাবে পিজিআরের সাথে একটি নিবিড় সম্পর্ক থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার দায়িত্বপালনকালে আপনাদের সাথে প্রতিদিনই দেখা হয়।

“দিবা ও রাত্রীকালীন সময়ে রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে আপনাদের একনিষ্ঠ কর্তব্য পালন দেখে আমি মুগ্ধ ও গর্বিত হই।”

একটি স্বতন্ত্র রেজিমেন্ট হিসাবে পিজিআর প্রতিষ্ঠিত ও নতুন ফরমেশন সাইন প্রবর্তিত হওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সোহেল সিদ্দিকী স্বাগত বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী পরে পিজিআর আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন। এসময় জাতির সুখ শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।