চুয়াডাঙ্গায় ৭৫ বিঘা জমি ভারতের দখলমুক্ত
প্রায় ৬৬ বছর পর চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্তে ভারতের দখলে থাকা ৭৫ বিঘা জমি উদ্ধার করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইছামতি নদীর পাশের এই জমি দখলমুক্ত করে সীমানা পতাকা পুতে দেয়।
লে. কর্ণেল মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবননগরের বেনীপুর বিওপির বিপরীতে ইছামতি নদীর পাশে মেইন পিলার ৬১/৩-এস থেকে ৬১/৯-এস পর্যন্ত বাংলাদেশের ৭৫ বিঘা জমি ১৯৪৯ সাল ভারতের দখলে ছিল।
“সীমান্তের ওই ৭৫ বিঘা জমির বিষয়ে ভারত সরকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় শনিবার বিজিবির পক্ষ থেকে বাংলাদেশের সীমানা নির্ধারণ করে পতাকা লাগানো হয়। এর আগে সম্প্রতি বিজিবির উদ্যোগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে ধনিচা ও অড়ল বীজ বোনা হয়।”
এই বিজিবি কর্মকর্তা জানান, দেশ ভাগের আগে জমিতে হিন্দু সম্প্রদায় ও সাঁওতাল নৃ-গোষ্ঠীর মানুষ বাস করত। ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর ১৯৪৯ সালে তারা ভারতে চলে যান। এরপর থেকেই ওই জমিকে অপদখলীয় ভূমি দাবি করে ভারত দখলে রেখেছিল।
বিজিবির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার ভুমি রেকর্ড অফিসে যাচাই করে দেখা যায় যে, ১৯৬২ সালের রেকর্ডে আনুমানিক ৬৫ বিঘা জমি জেলা প্রশাসকের ১নং খতিয়ানভুক্ত এবং আনুমানিক ১০ বিঘা জমি ব্যক্তি মালিকানাধীন হিসেবে রেকর্ডভুক্ত আছে। ওই জমি ভারতের দখলে থাকায় সরকারিভাবে কিংবা ব্যক্তিগতভাবে উদ্ধারের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
গত বছরের ২৩ মার্চ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-৬ চুয়াডাঙ্গার দায়িত্ব নেয়ার পর বিএসএফ, স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ওই ৭৫ বিঘা অপদখলীয় জমি উদ্ধারের চেষ্টা চালায় বিজিবি।
জমি দখলে নেয়ার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, বিজিবি ব্যাটালিয়ন-৬ এর উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিনের বিরোধপূর্ণ অপদখলীয় জমি নিষ্পত্তিসহ এজেন্ডাভুক্ত আরো ৫টি বিষয়ে সীমান্ত এলাকায় বৈঠক করার জন্য ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ভারতের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি চিঠি পাঠানো হয়।
কিন্তু ভারত ওই চিঠির কোনো জবাব দেয়নি।
