ট্রেনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ফার্মগেইট এলাকার আল রাজি হাসপাতালে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
লুঙ্গি ও স্ট্রাইপের ফুল হাতা শার্ট পরা ওই বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উদ্ধারকারী ভাঙ্গারী টোকাই রহমত আলী বলেন, “তেজগাঁও স্টেশন এলাকা ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী একটি ট্রেন থেকে ওই বৃদ্ধ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আমরা তিনজনে তাকে উদ্ধার করে আল রাজি হাসপাতালে নিয়ে যাই।”
“সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।”
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, মাথায় আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধকে এলাকাবাসী উদ্ধার করে আল রাজি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
