সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ
সিলেটে একটি চা বাগানের শ্রমিকদের উপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা।
শনিবার দুপুর ১২টা থেকে এক ঘণ্টাব্যাপী মালনীছড়া বাগানের কাছে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করে শ্রমিক সংঘের নেতাকর্মীরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে চা শ্রমিক সংঘের কয়েকশ’ শ্রমিক সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া বাগানের কাছে অবরোধ করে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।
পরে গ্রেপ্তারকৃত নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়।
বিমানবন্দর থানার ওসি শাহ জামান, কালাগুল বাগানের সাধারণ চা শ্রমিকদের উপর হামলার অভিযোগে করা একটি মামলায় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) দুই অঙ্গ সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক দাস ও জেলা কৃষক সংগ্রাম সমিতির আহ্বায়ক নূরুল ইসলাম মকবুলকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
চা শ্রমিক সংঘও এনডিএফের একটি অঙ্গ সংগঠন।
