মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে হিন্দু মহাজোটের বিক্ষোভ
রাজধানীর ইস্কন মন্দিরসহ সারা দেশে মঠ-মন্দিরে হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাজোটের কর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা আটকে স্লোগান দেয়া শুরু করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে ১০ মিনিট পর পুলিশের অনুরোধে মিছিলকারীরা রাস্তা থেকে সরে যায় বলে জানান সেখানে দায়িত্বরত পুলিশের এএসআই নজরুল ইসলাম।
সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, “দেশে ব্যাপকভাবে হিন্দু নির্যাতন চলছে। ঢাকার স্বামীবাগে রথযাত্রার অনুষ্ঠান চলাকালে ইস্কন মন্দিরে হামলাকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না।
“ধর্ম অবমাননার কল্পিত অজুহাত সৃষ্টি করে দেশের বিভিন্ন স্থানে মঠ, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।”
সরকারের নিরব ভূমিকা হিন্দু সম্প্রদায়কে আরো আতঙ্কিত করে তুলছে বলে তার অভিযোগ।
গত ৩০ জুন রাতে কিছু যুবক স্বামীবাগে ইস্কন মন্দির লক্ষ্য করে ইট ছোড়ে। পরে মন্দিরের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়।
