২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মিশুকের মামলা স্থানান্তরে রায় যে কোনো দিন

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহতের ঘটনায় দায়ের করা মামলা উচ্চ আদালতে বদলির বিষয়ে যে কোন দিন রায় দিবে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

দুটি রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ দুটি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

২০১১ সালের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকসহ পঁচজন ঘটনাস্থলে নিহত হন। ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত অন্যরা হলেন মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

ওই ঘটনায় তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হন।

ঘটনার পরের বছর মানিকগঞ্জে জেলা জজ ও মটর অ্যাক্সিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালে মটরযান অর্ডিনেন্সে দুটি পৃথক মামলা হয়।

তারেকের বিষয়ে স্ত্রী ক্যাথরিন মাসুদ, তার ছেলে নিশাদ মাসুদ ও মা নুরুন্নাহার বেগম এবং মিশুক মুনীরের বিষয়ে তার স্ত্রী মঞ্জুলি কাজী ও ছেলে সুহৃদ মুনীর মামলায় বাদী হিসাবে রয়েছেন।

কার্যকর ফল না পেয়ে সংবিধানের ১১০ ধারা অনুসারে মামলা দুটি হাই কোর্টে স্থানান্তর করতে বাদীরা পৃথক দুটি আবেদন করেন।

ওই আবেদনের প্রাথমিক শুনানি করে ২০১৩ সালের ৩ অক্টোবর রুল দেয় হাই কোর্ট। রুলে তারেক মাসুদ ও আশফাক মুনীর (মিশুক মুনীর) নিহতের ঘটনায় দায়ের করা মামলা কেন উচ্চ আদালতে স্থানান্তর করা হবে না, তা জানতে চাওয়া হয়।

মামলায় বিবাদী হিসাবে রয়েছেন-বাসের তিন মালিক মো. খাসেদ মিয়া, মো. খোকন মিয়া, মো. জাহাঙ্গীর কবির তুহিন, বাস চালক মো. জমির উদ্দিন এবং বাসের ইন্সুরেন্সকারী প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্সুরেন্স।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।