২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

এ ছয় জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।

এছাড়া মজিবর রহমান নামে আরেকজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়।

কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর বৃহস্পতিবার এই রায় দেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন মামলার বরাত দিয়ে জানান, ফুলবাড়ীর ভাঙ্গামোড় গ্রামে জমিতে পানি নেয়াকে কেন্দ্র করে শামসুলের সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলাম নটকুর বিরোধ ছিল।

এ নিয়ে ২০১০ সালের ১০ ফ্রেব্রুয়ারি দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে শফিকুল ইসলাম নটকু তার লোকজনসহ শামসুলকে নিজের বাড়ি নিয়ে প্রচণ্ড মারধর করে। এতে শামসুলের মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানায় ওইদিন একটি হত্যা মামলা দায়ের করা হয়।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন শফিকুল ইসলাম নটকু, বকিয়তুল্ল্যাহ, মজিবর রহমান, নজির হোসেন, বাদশা মিয়া ও আব্দুল হাকিম।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রশীদ চৌধুরী, অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী, মনোয়ারুল হক সরকার ও আমজাদ হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।