ফরমালিনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান
ফরমালিনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় গুলশান-২ এ এক ফরমালিন বিরোধী প্রচারণায় অংশ নেয়ার পর সাংবাদিকদের বেনজীর আহমেদ বলেন, “ফরমালিনের বিরুদ্ধে আইন অনুমোদিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই আইন পাস না হয়, ততক্ষণ বিদ্যমান আইন মেনেই পুলিশ ফরমালিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।
“তবে ফরমালিনের বিরুদ্ধে কেবল পুলিশের অভিযান অব্যাহত রাখলেই এর অপব্যবহার রোধ করা যাবে না। জনগণকেও ফরমালিনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সম্প্রতি পুলিশের ফরমালিন পরীক্ষার যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর গবেষকরা। পাশাপাশি ফল ব্যবসায়ীরাও পুলিশের ফরমালিন পরীক্ষার যন্ত্র ‘সঠিক নয়’ বলে দাবি করেন।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, “তারা (গবেষক) পণ্ডিত। তবে আমরাও কম পণ্ডিত না।”
অসাধু ব্যবসায়ীরা খাদ্যদ্রব্যে ফরমালিনসহ রাসায়নিক মেশানোর ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। গত শনিবার সংসদে বিরোধীদলীয় নেতা ফরমালিন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান।
এই প্রচারণার সময় বেনজীর আহমেদ গুলশান-২ এর বিভিন্ন দোকান ও বাজার পরিদর্শন করেন। এ সময় ফরমালিন বিরোধী লিফলেট, স্টিকারসহ বিভিন্ন ধরনের প্রচারপত্র বিলি করেন তিনি।
প্রচারণায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান, গুলশান জোনের উপ-কমিশনার লুৎফুল কবিরসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
